জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেছেন মির্জা ফখরুল।
জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনী ঘোষণার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।
জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশ প্রকাশ করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রের জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি।
জামায়াতের নায়েবে আমিরের এই মন্তব্যের প্রেক্ষিতে মির্জা ফখরুল বলেন, জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন।
এদিকে সংবাদ সম্মেলনে জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানায় বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন বলেন, গণতন্ত্র উত্তরণের পথকে সমৃদ্ধ করবে জুলাই ঘোষণাপত্র। অঙ্গীকার পালনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রক্রিয়া এগিয়ে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা রাজনৈতিক অচলাবস্থাকে দূর করবে এবং গোটা জাতি মনে করে অতিদ্রুত নির্বাচনের মধ্যদিয়ে সংকট দূর হবে। অতিদ্রুত রাষ্ট্র সংস্কারের কাজগুলো শেষ হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, পরবর্তী নির্বাচিত সংসদ সংস্কার বাস্তবায়ন করবে প্রধান উপদেষ্টার এ বক্তব্যই কাজটি করার একমাত্র বৈধ প্রক্রিয়া। সংস্কার বিষয়ে ঐক্যমত হওয়া বিষয়গুলো পরের নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে এটি একমাত্র সাংবিধানিকভাবে বৈধ প্রক্রিয়া বলেও ফের জানান তিনি।
